কবিতাঃ অসহ্যের যুক্তি

কোন পথের বাঁকে,
কোন বা নাকের নথে,
ঝুঁকে থাকো খোবায়েব?
সন্ধ্যার নিবিড় পথ,
কিংবা আলোকশূন্য কক্ষে।
তোমার ঘরে আয়না নেই।
তবুও কার অবয়বের দিকে এভাবে তাকাও?

সমুদ্রের বালি-মাটি,
ক্ষেত্রবিশেষে নোনাজলের গল্প আলাদা।
চোখের কিংবা সমুদ্রের!
তবুও গুঞ্জন ওঠে,
মানুষের চোখের গভীরতাই নাকি বেশি।
আর আমাদের কাছেও —
স্ব-স্ব চোখের জলের কতো মূল্য!

তুমি থেমে যাও! আর তুমি বলো,
তুমি অনেক করেছো, অনেক দেখেছো।
আজও আসমান উপরে ঝুলে থাকে,
তুমি মাথা তুলে দেখো।
সে তো সাক্ষী কত ভাঙনের,
কতো যুদ্ধ কিংবা বিচ্ছেদের।
তবুও সে নুয়ে যাচ্ছে কোথায়, বলো?
তুমি কি তার চেয়েও বেশি সহ্য করেছো?

— অসহ্যের যুক্তি

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status